বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে সৌরবিদ্যুৎ বিস্তারে জাতীয় গ্রিড সংকটে

পাকিস্তানে সৌরবিদ্যুতের বিস্তারে জাতীয় গ্রিড সংকটে পড়েছে, বিদ্যুতের চাহিদা কমছে।

পাকিস্তানে সৌরবিদ্যুৎ বিস্তারে জাতীয় গ্রিড সংকটে

পাকিস্তানে সৌরবিদ্যুতের ব্যাপক বিস্তারের ফলে জাতীয় বিদ্যুৎ গ্রিড বড় ধরনের সংকটে পড়েছে। ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপনের কারণে গ্রিডের বিদ্যুতের চাহিদা কমে গেছে, যা সরকারের জন্য রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো কঠিন করে তুলেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একসময় বিয়ের উপহার হিসেবে মোটরসাইকেল বা আসবাবপত্র দেওয়ার প্রচলন থাকলেও বর্তমানে সোলার প্যানেল জনপ্রিয় হয়ে উঠেছে। পাঞ্জাবের এক বাসিন্দা জানান, তিনি বিয়েতে ৩৪০ ওয়াটের একটি সোলার প্যানেল উপহার পেয়েছেন, যা গ্রীষ্মকালে তাদের পরিবারের অধিকাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করে।

থিংক ট্যাংক রিনিউঅ্যাবলস ফার্স্টের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের মোট বিদ্যুৎ ব্যবহারে সৌরশক্তির অংশ ছিল মাত্র ১ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। বর্তমানে দেশটিতে প্রায় ৭০ লাখ পরিবার সোলার প্যানেল ব্যবহার করছে।

বিদ্যুতের অতিরিক্ত দাম এই পরিবর্তনের অন্যতম কারণ। গড় মাসিক আয় প্রায় ৪০ হাজার রুপি হলেও অনেক পরিবারের বিদ্যুৎ বিল ১৫ থেকে ১৮ হাজার রুপি হয়ে থাকে। পাশাপাশি সস্তা চীনা সোলার প্যানেলের দাম কমে যাওয়ায় সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বেড়েছে।

তবে এই পরিবর্তন জাতীয় গ্রিডের ওপর আর্থিক চাপ বাড়াচ্ছে। গ্রাহকরা গ্রিড থেকে বিদ্যুৎ কেনা কমিয়ে দেওয়ায় রক্ষণাবেক্ষণের ব্যয় বাকি গ্রাহকদের ওপর পড়ছে। বিদ্যুৎমন্ত্রী আওয়াজ আহমেদ লেঘারির দাবি, গত দুই বছরে গ্রিড থেকে গ্রাহকদের সরে যাওয়ার ফলে বছরে ৫০ কোটি ডলারের বেশি অতিরিক্ত বোঝা তৈরি হয়েছে।

শিল্পকারখানাগুলোও উৎপাদন খরচ কমাতে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে এবং অনেক প্রতিষ্ঠান ভবিষ্যতে বড় ব্যাটারি স্থাপনের পরিকল্পনা করছে। পাকিস্তান সরকার ২০৩৬ সালের মধ্যে নবায়নযোগ্য ও পারমাণবিক উৎস থেকে ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সৌরবিদ্যুতের প্রসারের পাশাপাশি জাতীয় গ্রিডকে আধুনিক ও টেকসই করাই এখন দেশটির বড় চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন