সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা শিথিলে আসিয়ানে বাড়ছে চাপ

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা শিথিলে আসিয়ানে চাপ বাড়ছে, বিশেষজ্ঞরা রাজনৈতিক স্বীকৃতি না দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা শিথিলে আসিয়ানে বাড়ছে চাপ

আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের নেতাদের যোগদানে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলে চাপ বাড়ছে। থাইল্যান্ড, মালয়েশিয়া সহ আসিয়ানের পাঁচ সদস্য দেশ এই তাগিদ দিচ্ছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার। দেশের অধিকাংশ অঞ্চলে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়েছে, এতে এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের তিন দিনের শীর্ষ সম্মেলন চলমান রয়েছে। নেতারা মিয়ানমারের কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে আলোচনা করবেন।

মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের নেতাদের আসিয়ান শীর্ষ সম্মেলন এবং পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে দূরে রাখা হয়েছে।

তবে গত ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের পর মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক যোগাযোগ বাড়িয়েছে আসিয়ান জোটের পাঁচ সদস্য দেশ। লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং মালয়েশিয়া এ বছর মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে সরকারি সফরে স্বাগত জানিয়েছে।

ফিলিপিনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা লাজারো জানান, মিয়ানমারের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিষয়টি আলোচনা পর্যায়ে রয়েছে। তবে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে আসিয়ানের বৈঠকে যোগদানের সুযোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে, হিউম্যান রাইটস ওয়াচ মিয়ানমারের ওপর বিধিনিষেধ বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং সামরিক অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রাজনৈতিক স্বীকৃতি না দেওয়ার জন্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

বিজ্ঞাপন