বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের আলিম ও দাখিল পরীক্ষায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার বিশেষ শাখা দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এবারের আলিম পরীক্ষায় ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন (৮৫.১৯%) এবং দাখিল পরীক্ষায় ৭১ জনের মধ্যে ৬১ জন (৮৫.৯২%) জিপিএ-৫ অর্জন করেছে। উভয় পরীক্ষাতেই শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
দরুননাজাত মাদরাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, জিপিএ-৫ প্রাপ্তির এই হার সারাদেশে সর্বোচ্চ। এই সাফল্যে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় দারুননাজাত ল্যান্ডে একটি বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম. আবু বকর সিদ্দীক। সভাপতিত্ব করেন দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগের উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফরিদ বিন আব্দুল আউয়াল। অনুষ্ঠানে বোর্ড পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের বিশেষ ইলমি অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্য ১ হাজার হাদিস মুখস্থ করার কৃতিত্বের জন্য একজন শিক্ষার্থীকে ৫ হাজার টাকার চেক এবং মুফতি আমিমুল ইহসান (রহ.) রচিত 'ফিকহুস সুনানি ওয়াল আসার' গ্রন্থটি মুখস্থ করে মঞ্চে উপস্থাপন করায় আরেকজন শিক্ষার্থীকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আ.খ.ম. আবু বকর সিদ্দীক দ্বীনি শিক্ষার প্রসার ও দ্বীনি খেদমতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের নিষ্ঠা, ইখলাস ও তাকওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগ প্রতিষ্ঠার পর থেকে বোর্ড পরীক্ষায় ধারাবাহিক শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে। বিগত বছরগুলোর ফলাফলও এ ধারাবাহিকতার সাক্ষ্য বহন করে। ২০২৪ সালের দাখিল পরীক্ষায় বিভাগের সব পরীক্ষার্থী GPA-5 অর্জন করে।
দরসে নিজামি ও মাদানী নেসাবের সমন্বয়ে পরিচালিত হয় বিভাগটির শিক্ষা কার্যক্রম। ষষ্ঠ শ্রেণি থেকে কামিল পর্যন্ত শিক্ষার সুযোগ রয়েছে এখানে। একাডেমিক শিক্ষার পাশাপাশি মূল কিতাব পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা ও ভাষাগত দক্ষতা গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।