নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস এসএসসি পরীক্ষায় আবারও দেশসেরা ফলাফল অর্জন করেছে। বিদ্যালয়ের ৩৮২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসির ফল প্রকাশের পর প্রধান শিক্ষক মো. ইমন হোসেন এই তথ্য জানান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসিতে শতভাগ পাসসহ প্রতিবছরই বোর্ডে সেরা ফলাফল করে আসছে প্রতিষ্ঠানটি। এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের মতে, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস এবং গাইড টিচারের মাধ্যমে হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কারণে এই সাফল্য সম্ভব হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এই সাফল্যে আনন্দের সঞ্চার হয়েছে। তারা জানান, প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লার প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে।
আব্দুল কাদির মোল্লা এই সাফল্য নরসিংদীবাসীকে উৎসর্গ করে বলেন, "নরসিংদীর মতো মফস্বল শহরে মানসম্মত শিক্ষা দেওয়ার অঙ্গীকার নিয়ে আমি ও আমার স্ত্রী নাসিমা বেগম বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি।" তিনি আরও বলেন, "একটি শিক্ষা প্রতিষ্ঠানের চার স্তম্ভ- পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কারণেই ভালো ফল অর্জন সম্ভব হচ্ছে।"
তিনি ভবিষ্যতে এ অঞ্চলের আরও শিক্ষা প্রতিষ্ঠান এমন সাফল্য অর্জন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।