২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী।
আজ সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার ফলাফল উদ্বোধন করেন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডের গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।
গত বছরের তুলনায় পাসের হার ৩.৯৯ শতাংশ কমেছে। ২০২৫ সালে সাধারণ শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৬৮.০৪ শতাংশ।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ১,০৭,৯৮২ জন বেশি এবং জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ১১,৪০১ জন বেশি।
মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩০৩টি বেড়েছে এবং কেন্দ্রের সংখ্যা ২০১টি বৃদ্ধি পেয়েছে। তবে, ০% পাস প্রতিষ্ঠান সংখ্যা বেড়েছে, সাধারণ শিক্ষা বোর্ডে ৫৭টি, মাদরাসা বোর্ডে ২২৬টি এবং কারিগরি বোর্ডে ২৯টি প্রতিষ্ঠান ০% পাস করেছে।