২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হয়েছে। এবারের পাসের হার ৬২.২৫%।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীরা ফলাফল জানতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠাতে পারবেন। ফল দেখা যাচ্ছে ‘eduboardresults.gov.bd’ এবং ‘educationboardresults.gov.bd’ ওয়েবসাইটে।
এসএমএসের মাধ্যমে এসএসসির ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC DHA 123456 2026।
মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীরা ‘Dakhil MAD 123456 2026’ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য ‘SSC TEC 123456 2026’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এছাড়া, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট পেতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল এবং সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে। এবারে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।