চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশিত হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তাদের ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে।
প্রতি বছর সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার ফল লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। তবে এই বছর নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২০ মে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে।
ফলাফল জানার জন্য শিক্ষার্থীদের শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। এছাড়া এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। শিক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে 'SSC' লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে 16140 বা 16222 নম্বরে পাঠাতে হবে।