দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে রংপুর মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো ফল করেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত তথ্য অনুযায়ী, রংপুর ক্যাডেট কলেজ এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশের হার ৯৯ দশমিক ৪৪ শতাংশ, যেখানে ৫৩০ জনের মধ্যে ৩২৯ জন জিপিএ ফাইভ পেয়েছে। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পাশের হার ৯৯ দশমিক ৩০ শতাংশ, ৫৬৭ শিক্ষার্থীর মধ্যে ৩২২ জন জিপিএ ফাইভ পেয়েছে।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৯৮ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এবং ২৬৪ জনের মধ্যে ১৭৭ জন জিপিএ ফাইভ পেয়েছে। রংপুর জিলা স্কুলের পাশের হার ৯৭ দশমিক ৩১ শতাংশ, যেখানে ২১৭ জনের মধ্যে ১৫০ জন জিপিএ ফাইভ অর্জন করেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন জানান, এবারে রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৮১৪টি স্কুলের ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৫৮ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এবং ১৩ হাজার ৬৩৯ জন জিপিএ ফাইভ পেয়েছে।
ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা যায়। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাহরিন হাফিজ বলেন, "জিপিএ ফাইভ পাওয়াটা আমার কাছে বিশেষ অনুভূতির।" একই স্কুলের শিক্ষার্থী তাওহিদ মোস্তার তাজিন জানান, "কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কঠোর পরিশ্রমের ফলেই আমরা ভালো ফল করতে পেরেছি।"
রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসী আশরাফী বলেন, "গতবারের তুলনায় এবার আমাদের ফল ভালো হয়েছে।" তিনি জানান, বাড়তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে ধরে রাখার ফলে এই সাফল্য এসেছে।
রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আব্দুল মোস্তালিব বলেন, "অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নির্দেশনা মেনে চলার কারণেই এই ফল সম্ভব হয়েছে।"