যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের কাছে সাদা পাউডারযুক্ত ৭০০টির বেশি সন্দেহজনক ও হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
গ্রেফতারকৃত ব্যক্তি, ৬৭ বছর বয়সী রবিন প্যাট্রিক মার্টিন, ওকলাহোমা সিটির বাসিন্দা। তদন্ত সংস্থাটি জানায়, চিঠিগুলোতে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রাপকদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার কিংবা আরও ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়েছিল।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালতে প্রথমবারের মতো হাজির করা হয় মার্টিনকে। তার বিরুদ্ধে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং ভুয়া আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে চিঠি পাঠানোর অভিযোগ আনা হয়েছে।
মার্কিন প্রসিকিউটররা অভিযোগ করেছেন, মার্টিন কয়েকশ' সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির কাছে এসব চিঠি পাঠিয়েছেন। প্রাপকদের মধ্যে মার্কিন কংগ্রেসের সদস্য এবং নির্বাচনী জরিপ ও ভোটসংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন।
চিঠিগুলোর সঙ্গে সাদা রঙের একধরনের গুঁড়া পাঠানো হয়েছিল, যা নিয়ে প্রাথমিকভাবে উদ্বেগ তৈরি হয়। তবে প্রাথমিক পরীক্ষায় ওই গুঁড়ায় বিপজ্জনক কোনো উপাদান পাওয়া যায়নি এবং সেগুলো ময়দা বলে ধারণা করা হয়েছে।
এফবিআইয়ের বিশেষ এজেন্ট ডেভিড কোলের দেওয়া হলফনামায় বলা হয়েছে, চিঠিগুলোতে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে লেখকের অসন্তোষ প্রকাশ পেয়েছে। লেখক ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন এবং দাবি করেছেন, ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছিলেন।
লেখক ২০২৪ সালের আসন্ন নির্বাচনেও একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।