বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে।
আজ বুধবার, বিশ্ববিদ্যালয়ের উপশহর এলাকায় অবস্থিত অস্থায়ী একাডেমিক ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। উপাচার্য বলেন, এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তেমন হয়নি।
তিনি উল্লেখ করেন, গত ১৯ জুলাইয়ের পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ বেশ কিছু অগ্রগতি সম্পন্ন হয়েছে। কার্যক্রম পরিচালনার জন্য অফিসের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ সম্পন্ন হলেও, কোন কোন বিষয়ে পাঠদান কার্যক্রম চালু হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি প্রতিনিধি দল প্রাথমিকভাবে পরিদর্শন করেছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পাঠদান কার্যক্রম শুরু হবে। তবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না বলেও জানান ভিসি।