আজ থেকে শুরু হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই দিন অর্থাৎ ‘মহাষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
শুক্রবার সকালে বেলগাছের নিচে ঘট স্থাপন ও ষোড়শ উপচারে ষষ্ঠ্যাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীপূজা। সন্ধ্যায় দেবীকে মূল মণ্ডপে আমন্ত্রণ ও অধিবাস জানানো হবে। এরপর দেবীর চরণে নিবেদন করা হবে পুষ্পাঞ্জলি।
পূজার আনুষ্ঠানিকতায় মুখর হয়ে ওঠে মন্দির ও পূজামণ্ডপগুলো। বুধবার বিজয়া দশমী পর্যন্ত ছয় দিন ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, ঘণ্টা ও কাঁসরের আওয়াজে মুখর থাকবে পূজামণ্ডপগুলো।
দেশজুড়ে পূজা কমিটি, মন্দির ও মন্ডপগুলো পাঁচ দিনব্যাপী এই উৎসবের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছে। এর মধ্যে রয়েছে প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জা, প্রতিমা স্থাপন, আলোকসজ্জার ব্যবস্থা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি।
দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।