শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের আহ্বান

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের আমিরের আহ্বান।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের আহ্বান

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপদে উৎসব উদযাপন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

১৫ অক্টোবর, ২০২৬ তারিখে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। এ দেশে দীর্ঘদিন ধরে সব সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন।"

জামায়াত আমির আশা প্রকাশ করেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় তারা পূর্ণ নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারবেন। তিনি বলেন, "দেশের সুন্দর অতীত ঐতিহ্য সমুন্নত রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে তাদের পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।"

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধীদল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তিনি উল্লেখ করেন, "বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। প্রত্যেকে যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করা জরুরি।"

তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতায় এগিয়ে আসবেন। এ বিষয়ে দলের পক্ষ থেকে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

বিজ্ঞাপন