নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’ সফলভাবে শেষ হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল বিভাগের ২০ বছর পূর্তি ও দেশে প্রথমবারের মতো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’ (আইসিপিএস) অনুষ্ঠিত হয়।
এই পাঁচ দিনব্যাপী উৎসব শিক্ষার পাশাপাশি প্রতিযোগিতা, সৃজনশীলতা এবং ফার্মাসিউটিক্যাল শিল্পে টেকসই উদ্যোগের একটি অপূর্ব মেলবন্ধন গড়ে তোলে। মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়-এর ফার্মেসি অনুষলের সহযোগিতায় আয়োজিত সম্মেলন ‘ইনোভেশনস ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’ শীর্ষক আন্তর্জাতিক পর্যায়ের একটি বিদ্যায়তনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
ফার্মাফেস্টের মূল স্লোগান ছিল ‘কনজার্ভ টুডে, থ্রাইভ টুমোরো’, যা টেকসই পরিবেশের প্রতি গুরুত্বারোপ করে। উৎসবে অন্তর্ভুক্ত ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ও অলিম্পিয়াড প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, স্টল প্রদর্শনী এবং সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান পারফর্ম করেন।
বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে, যেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথম রানারআপ হয়। ‘ফার্মা অলিম্পিয়াড’-এ ১৩টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও প্রথম রানারআপ হয়।
১২ অক্টোবর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারকরা উপস্থিত ছিলেন। কনফারেন্স চেয়ার প্রফেসর ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়-এর ডিন ড. নুসায়বাহ আব্দুল রহিম এবং এনএসইউ’র ডিন প্রফেসর ড. দীপক কুমার মিত্র বক্তব্য রাখেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এনএসইউ’র ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানটি শেষ হয়। আইসিপিএস ২০২৬-এর টাইটেল স্পন্সর ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ফার্মাফেস্ট ২০২৬-এর টাইটেল স্পন্সর দ্য সিটি ব্যাংক পিএলসি এবং কো-স্পন্সর হিসেবে ছিল জিহো সিএফমোটো। অন্যান্য স্পন্সরদের মধ্যে বেক্সিমকো, ডায়মন্ড স্পন্সর হিসেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি., বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।