অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্টাস শনিবার (১০ অক্টোবর) ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইট বাতিল করেছে। বিমানে ছারপোকার উপদ্রবের কারণে উড়োজাহাজটি পরিষ্কার করার জন্য গ্রাউন্ডেড করা হয়।
শুক্রবার পার্থ থেকে রোমে প্রায় ১৭ ঘণ্টার যাত্রায় কয়েকজন যাত্রী অভিযোগ করেন যে, পোকামাকড় তাদের কামড়াচ্ছে। এ কারণে যাত্রীদের অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়া হয়, তবে পরে ওষুধের সরবরাহ শেষ হয়ে যায়।
কান্টাসের এক মুখপাত্র জানান, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ইকোনমি শ্রেণির কয়েকটি আসনে ছারপোকার সমস্যা ধরা পড়েছে, যা পরিষ্কার করার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
ফ্লাইট বাতিল হওয়ায় বিমান সংস্থাটি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের মূল যাত্রার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প ফ্লাইটে বুকিং দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস জানায়, ছারপোকা সাধারণত বিছানা, কাপড় ও আসবাবপত্রে থাকতে পারে এবং কামড়ের কারণে চুলকানি হলেও গুরুতর স্বাস্থ্যসমস্যা হয় না।
পরিবহন খাতে ছারপোকার উপদ্রবের ঘটনা নতুন নয়। পূর্বে ইংল্যান্ডে ট্রেনের চালকদের কেবিনে ছারপোকা পাওয়ায় কিছু ট্রেন বাতিল করা হয়েছিল।
২০১৭ সালে ভ্যাঙ্কুভার থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটেও ছারপোকার কামড়ে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। গত বছর তুর্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজেও একই ধরনের অভিযোগ পাওয়া যায়।