বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সিং সোমবার ঢাকার ঐতিহাসিক গুরুদুয়ারা নানক শাহী দর্শন করেছেন। এ সময় তার সাথে ছিলেন কানাডা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশ (রেজি.) এর প্রেসিডেন্ট অমর চান্দের নেতৃত্বে কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছায় প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় ও জেনারেল সেক্রেটারি তাপস লাল চৌধুরী।
গুরুদুয়ারা নানক শাহীর গ্ৰন্থী জাগপ্রীত সিং শিখ ধর্মের প্রধান ধর্মীয় গ্ৰন্থ ‘শ্রীগুরু গ্ৰন্থ সাহিব’ পাঠ করেন এবং হুকুম নামা ও আরদাস করেন। পরে আগত অতিথিদের কারা প্রসাদ বিতরণ করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী রণদীপ সিং বাংলাদেশে অবস্থিত সকল গুরুদুয়ারার সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনেন। তিনি কানাডা সরকারের পক্ষ থেকে এসব সমস্যার সমাধানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশ সরকারের সাথে আলোচনার মাধ্যমে গুরুদুয়ারাগুলোর উন্নয়ন ও অবৈধ দখলমুক্ত করার আশ্বাস দেন।