প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ অনুযায়ী তাদের ব্যবসা বা বাড়ি করার জন্য ঋণ দিতে চায় সরকার। এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
মঙ্গলবার সকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরু আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোকে গ্রেডিং করার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি উল্লেখ করেন, ‘রিক্রুটিং এজেন্সিগুলোকে শৃঙ্খলায় না আনা গেলে অভিবাসী শ্রমিকদের প্রতারণা ও নির্যাতন থেকে রক্ষা করা যাবে না।’
নুরুল হক নূর আরও বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বাড়ানো হলে প্রবাসী আয়ও বৃদ্ধি পাবে।’ তিনি জানান, সরকার প্রবাসীদের প্রয়োজন অনুযায়ী ঋণ দিতে প্রস্তুত রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতাতেই নতুন একটি সরকার এসেছে। ভঙ্গুর অর্থনীতির জটিল পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠানে রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ড. তাসনিম সিদ্দিকীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।