পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজার আগুন প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রাত ২টার দিকে আগুন নিভানো হলেও ভবনের ছয় তলায় থাকা বিভিন্ন পণ্যের গুদাম পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনের কারণে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা।
ফায়ার সার্ভিস জানায়, মোগলটুলির সরু রাস্তা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতির কারণে আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়েছে। ফায়ার ফাইটার ও স্থানীয় জনগণের সহযোগিতায় প্রায় আড়াইশ জন এই কাজে অংশগ্রহণ করেন।
আগুন সোমবার বিকেল ৫টার দিকে ছয় তলায় সুত্রপাত হয় এবং দ্রুত পঞ্চম ও সপ্তম তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ২২ মিনিটে। ভবনটিতে ভ্যানিটি ব্যাগ, ছাতা, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন পণ্যের পাইকারী বাজার ছিল।
একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুনের সূত্রপাত ব্যাগের দোকান থেকে হয়ে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। দক্ষিণ সিটির প্রশাসক ঘটনাস্থলে এসে রাজউকের গাফিলতিকে দায়ি করেন এবং পানির উৎস সংরক্ষণের আশ্বাস দেন।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, "সরু রাস্তার কারণে আমাদের কাজ করতে বেগ পেতে হয়েছে।" আগুনের কারণ নির্ণয় ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।