পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধ-এর রাজধানী করাচিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরটিতে জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি’ এড়াতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সোমবার (১২ অক্টোবর) করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভির একটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'প্রধান সড়ক, মোড় ও চত্বরগুলোতে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ও র্যালি করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।'
এতে আরও উল্লেখ করা হয় যে, এসব প্রতিবাদ ও বিক্ষোভের ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং ‘নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগ’ তৈরি হচ্ছে। এই ধরনের সড়ক অবরোধ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি সেবাসমূহের যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং হাসপাতালে যাতায়াতের পথ সীমিত হচ্ছে। এ কারণে করাচি ডিভিশনে ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া, আগামী ২০ অক্টোবর পর্যন্ত যেকোনো স্থানে ৫ জনের বেশি লোকের জনসমাগম, প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, সমাবেশ, মিছিল বা অন্যান্য জনসমাবেশ আয়োজন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।