দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ এ কথা জানান।
আইজিপি বলেন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বানও জানান তিনি।
আজ বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। পুলিশ জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান আইজিপি।
তিনি আরও বলেন, দেশে প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় বেকারত্ব বাড়ছে। দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা অপ্রতুল। এ অবস্থায় পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগ আকর্ষণের জন্য বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চলমান শ্রমিক ও রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি পুলিশের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, দেশের মহাসড়ক ও বাণিজ্যিক এলাকায় পণ্য পরিবহনে হয়রানি প্রতিরোধে হটলাইন চালু করা, শিল্প ও ব্যবসাপ্রধান এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
এছাড়া, আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে ডিসিসিআইয়ের সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।