রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আগামী ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘UCR HALF MARATHON 2026 | Edition-5’। এই ম্যারাথনের আয়োজন করছে উত্তরা কো-রানার্স এবং এটি পৃষ্ঠপোষকতা করছে ওষুধ প্রস্তুতকারী ব্র্যান্ড ‘প্যান্টোনিক্স’ (Pantonix)।
ম্যারাথনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘RUN FOR A GREENER CITY’। অনুষ্ঠানটি রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটার থেকে শুরু হবে। এতে দেশ-বিদেশের পেশাদার এবং শখের দৌড়বিদ মিলিয়ে মোট ৪,০০০ প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
এই ম্যারাথনে চারটি ভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের সংখ্যা নির্ধারিত হয়েছে। ২১.১ কিলোমিটার (মূল হাফ ম্যারাথন) ক্যাটাগরিতে ১,১০০ জন, ১৫ কিলোমিটার রান ক্যাটাগরিতে ৯০০ জন, ৭.৫ কিলোমিটার রান ক্যাটাগরিতে ১,৮০০ জন এবং ১ কিলোমিটার (কিডস ও ফ্যামিলি ফান রান) ক্যাটাগরিতে ২০০ জন শিশু ও অভিভাবক অংশ নেবেন।
আয়োজকরা জানান, এই ম্যারাথনের উদ্দেশ্য হচ্ছে নগরবাসীর মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করা এবং সুস্থ ও সক্রিয় জীবনধারার চর্চা করা। বিশেষ করে, ব্যক্তিগত ও সামাজিক পর্যায় থেকে শহরকে দূষণমুক্ত ও সবুজ রাখার বিষয়ে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করা হবে।
রেস ডিরেক্টর মোহাম্মদ মাসুম বলেন, “দৌড় কেবল একটি শারীরিক ব্যায়াম নয়, এটি সমাজে ইতিবাচক রূপান্তরের অন্যতম মাধ্যম। আমরা চাই মানুষ নিজের সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হোক এবং চারপাশকে সুন্দর ও সবুজ রাখার দায়িত্বও গ্রহণ করুক।”