বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সাথে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তির স্বাক্ষর হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং চুক্তিকে বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, “এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, বিমানকে একটি আধুনিক এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য।” অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরও উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় ৪টি এ-৩৫০-৯০০ উড়োজাহাজ দূরপাল্লার ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে এবং ৬টি এ-৩২১নিও উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহার করা হবে।
বর্তমানে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ১৯টি। নতুন বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হলে, মোট সংখ্যা ৫৪টিতে পৌঁছাবে।