সিলেটে ট্রেনের টিকেট কালোবাজারির অভিযোগে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান।
মামলার সূত্রে জানা যায়, অনলাইনে টিকিট বিক্রির জন্য নির্দিষ্ট সময় টিকিট উন্মুক্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। সাধারণ যাত্রীরা কাউন্টার বা অনলাইনে টিকিট না পেলেও পরে বেশি টাকায় বিক্রি করা হয় এসব টিকিট।
বিপুলসংখ্যক টিকিট এত অল্প সময়ে বিক্রি হয়ে যাওয়ার ঘটনায় আদালতের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। মামলার নথিতে বলা হয়েছে, একটি চক্র ট্রেনের টিকিট বাজারজাতকরণের সঙ্গে জড়িত।
এই চক্রের সহযোগিতায় মুহূর্তের মধ্যে ট্রেনের টিকিট সরিয়ে নিয়ে পরে তা বেশি টাকায় সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করা হয়। এ ধরনের কর্মকাণ্ড সাধারণ যাত্রীদের হয়রানির পাশাপাশি সিলেটের পর্যটনশিল্পের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, কালোবাজারি ও মজুতদারির মতো অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। এ কারণে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান মামলা নং-০১/২০২৬ দায়ের করেন।
পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) মামলার নথিপত্র পিবিআইয়ের কাছে পৌঁছেছে। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক আবদুল আহাদ, তিনি তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।