জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিহত চাঁদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন এলাকার কবরস্থান থেকে প্রথমে সেলিম খানের মরদেহ উত্তোলন করা হয়, পরে শান্ত খানের মরদেহও তোলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের নির্দেশনার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। জেলা প্রশাসক আবেদন মঞ্জুর করার পর মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়।
সেলিম খান ছিলেন সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা ‘শাপলা মিডিয়া’র স্বত্বাধিকারী ছিলেন।
সেলিম খানের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে তিনি ‘বালুখেকো চেয়ারম্যান’ হিসেবে পরিচিতি পান।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করার সময় জনতার পিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন। এই ঘটনায় পুলিশ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে, যার তদন্তের অংশ হিসেবে আদালত কবর থেকে মরদেহ দুটি উত্তোলনের নির্দেশ দেন।