জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করেন।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শফিকুর রহমান। সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ যা ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চের উদ্যোগে আয়োজিত হচ্ছে।
সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশগ্রহণ করবেন।
এদিকে, তুরস্ক সফর শেষে জামায়াতের আমির সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন। সফর শেষে আগামী রবিবার (১১ অক্টোবর) সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।