দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গার্মেন্টস শিল্প বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এ খাতকে টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নিতে হবে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, বিদ্যুৎ সরবরাহের অভাব, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিশ্ববাজারের অনিশ্চয়তার কারণে তৈরি পোশাক খাত সংকটগ্রস্ত। তিনি বলেন, ক্রয়াদেশ বাতিল ও প্রত্যাহারের কারণে শিল্পের অবস্থা আরও খারাপ হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রাও কঠিন হয়ে পড়েছে। ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা ব্যয়সহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা।
ডা. শফিকুর রহমান বলেন, 'শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে।' তাই সরকারকে শিল্প উদ্যোক্তা ও শ্রমিকদের সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, যেকোনো ব্যর্থতা দেশের অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যেতে পারে।