রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দিল্লিতে যন্তর মন্তর বিক্ষোভে ৫ হাজার পুলিশ মোতায়েন

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভে ৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিল্লিতে যন্তর মন্তর বিক্ষোভে ৫ হাজার পুলিশ মোতায়েন

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুইটি প্রতিবাদ মিছিলের জন্য প্রায় ৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানায়, ইন্ডিয়া গেট থেকে যন্তর মন্তর পর্যন্ত মিছিল করার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির আশা করছে। আজ সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুটি মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে 'সিটিজেনস মার্চ' নামে প্রথম মিছিলটি বিকেল ৩টায় ইন্ডিয়া গেট থেকে যন্তর মন্তনের উদ্দেশ্যে রওনা হবে।

একই পথে বিকেল ৫টায় ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসও একটি মিছিল করবে। বিক্ষোভকারীদের যন্তর মন্তরে প্রবেশ ঠেকাতে বিভিন্ন সড়কে কয়েক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। টলস্টয় মার্গ, জনপথ রোড, সংসদ মার্গ এবং কেরালা ভবনের দিক থেকে যন্তর মন্তরে যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, পার্লামেন্ট স্ট্রিট থানার এলাকা থেকে যন্তর মন্তর পর্যন্ত সড়কের দুই পাশে জেলা পুলিশের সদস্য, রিজার্ভ ফোর্স এবং অন্যান্য আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, 'মিছিলের অনুমতি দেওয়া হয়নি। তবে আমরা বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি আশা করছি।'

যন্তর মন্তরের দিকে যাওয়ার সব সড়কে পিসিআর ভ্যান ও পুলিশের গাড়ি মোতায়েন থাকবে। পরিস্থিতির অবনতি হলে ভিড়ের ওপর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

বিক্ষোভ নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ সদস্যদের দাঙ্গা মোকাবিলার সরঞ্জাম দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এদিকে, সাম্প্রতিক সময়ে যন্তর মন্তর ও এর আশপাশে হওয়া বিক্ষোভের ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে তিনটি এফআইআর করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সদস্যদের বিরুদ্ধে নারী বিক্ষোভকারী ও সাংবাদিকদের যৌন হয়রানির অভিযোগে তিনটি অভিযোগও এসেছে, যা তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন