সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জামালপুরে যুবদল নেতা চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার

জামালপুরে যুবদল নেতা রবিউল হাসান সোহাগকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।

জামালপুরে যুবদল নেতা চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার

জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার।

শনিবার রাতে রশিদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল হাসান সোহাগ সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়ন যুবদলের দফতর সম্পাদক এবং একই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

গোয়েন্দা পুলিশ জানায়, মোটরসাইকেল চুরি মামলায় রিমান্ডে থাকা চোরচক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিউল হাসান সোহাগকে গ্রেফতার করা হয়। চোরচক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে সোহাগের নাম উঠে আসে।

চক্রটির সদস্যরা পুলিশকে জানিয়েছেন, চুরি করা মোটরসাইকেল বিক্রির দায়িত্বে ছিলেন সোহাগ। জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব বলেন, 'আমরা তার বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'

ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, 'চোরচক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিউল হাসান সোহাগকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।' তিনি আরও জানান, গ্রেফতার সোহাগকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চুরি বন্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান ও কার্যক্রম চলমান থাকবে।

বিজ্ঞাপন