মুন্সিগঞ্জের ৩১ বছর ধরে বিদ্যুৎহীন শিক্ষার্থী পারমিতা নতুন ঘর পেলেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সংসদ সদস্য কামরুজ্জামান রতন সদর উপজেলার সুধারচরে নেতাকর্মীদের নিয়ে পারমিতাকে ৩ কক্ষ বিশিষ্ট আঁধাপাকা ঘরটির উদ্বোধন করেন।
এর আগে, চলতি বছরের এপ্রিলে যমুনা টেলিভিশনে ‘প্রতিবেশির বাঁধায় বিদ্যুৎহীন ৩১ বছর, কুপির আলোয়া ভরসা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে পারমিতার দুর্ভোগ নিয়ে আলোচনা তৈরি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য কামরুজ্জামান রতন পারমিতার পরিবারকে মিষ্টিমুখ করান। এ সময় ছাত্রদল, যুবদলসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন ঘর পেয়ে উচ্ছাস প্রকাশ করেন পারমিতা ও তার পরিবার। এপ্রিল মাসে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবারটি বিদ্যুৎ সংযোগ পায়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পারমিতার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন। সংসদ সদস্য কামরুজ্জামান রতন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেন।