বাংলাদেশ ব্যাংক দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এখন এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) প্রদান করবে। অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো— ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, বিকাশ ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক এবং বুস্ট ডিজিটাল ব্যাংক।
ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, যার উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক, বিকাশ ডিজিটাল ব্যাংক, যার উদ্যোক্তা বিকাশের শেয়ারধারীরা, নোভা ডিজিটাল ব্যাংক, যার উদ্যোক্তা বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপ এবং বুস্ট ডিজিটাল ব্যাংক, যার উদ্যোক্তা রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেড।
এছাড়া, কড়ি ডিজিটাল ব্যাংককে এর আগে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল এবং এবার এলওআই দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন চার ডিজিটাল ব্যাংক স্থাপনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, ২০২৩ সালের অক্টোবরে আওয়ামী সরকারের সময়ে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠান দুইটির ডিজিটাল ব্যাংক স্থাপনের লাইসেন্স স্থগিত করে।