বাংলাদেশ ব্যাংক দেশে প্রাথমিকভাবে ৫টি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। অনুমোদন পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—করি ডিজিটাল ব্যাংক, বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুমোদিত ব্যাংকগুলোকে প্রাথমিক সম্মতিপত্র বা লেটার অব ইনটেন্ট দেওয়া হবে।
ডিজিটাল ব্যাংক স্থাপনের উদ্দেশ্যে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন দাখিল করেছিল। এই ডিজিটাল ব্যাংকগুলোর কোনো শাখা, উপশাখা বা নিজস্ব এটিএম থাকবে না। গ্রাহকরা অ্যাপ ও মোবাইল ফোনের মাধ্যমে হিসাব খুলতে, টাকা জমা দিতে, লেনদেন করতে এবং ঋণের আবেদন করতে পারবেন।
এছাড়াও, ব্যাংকগুলো ভার্চুয়াল কার্ড, কিউআর কোডসহ নানা প্রযুক্তিনির্ভর সেবা প্রদান করবে। ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে কম খরচে দ্রুত ব্যাংকিং সেবা দেওয়ার পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষ, তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীকে সেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।