নতুন বাজার হিসেবে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়াতে আগ্রহী তৈরি পোশাক রপ্তানিকারকরা। তারা মনে করেন, দেশের পোশাক রপ্তানির জন্য নির্দিষ্ট কিছু বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ।
বুধবার বিজিএমইএ ভবনে জাপান ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, জাপানে পোশাক খাতের সম্ভাবনা থাকলেও প্রধান বাধা হলো লিড টাইম।
তিনি জানান, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার তুলনায় জাপান থেকে ভৌগোলিকভাবে দূরে অবস্থিত হওয়ায় বাংলাদেশি পণ্য পৌঁছাতে বেশি সময় লাগে, যা প্রতিযোগিতার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ।
মাহমুদুল হাসান পরিবহন ব্যয় কীভাবে কমানো যায়, সে বিষয়ে জাপান সরকারের সহযোগিতা চান।
এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, ব্যবসায়িক সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করবে জাপান।