বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করতে যাচ্ছে। বুধবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই চুক্তি সইয়ের কথা রয়েছে।
চুক্তিটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট) সই হবে। চুক্তির পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এই চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ বহরের জন্য মার্কিন নির্মাতা বোয়িং এবং ইউরোপীয় জায়ান্ট এয়ারবাসের মধ্যে চলমান প্রতিযোগিতার মধ্যে এই চুক্তি হতে যাচ্ছে।
সূত্র জানায়, অতিরিক্ত ১১টি উড়োজাহাজ সংগ্রহের বিষয়টি বিমানের ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তির অতিরিক্ত হিসেবে গণ্য হবে। এই ১১টি বোয়িংয়ের মাধ্যমে বিমানের উড়োজাহাজ কেনার সংখ্যা দাঁড়াবে ২৫টিতে।