সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, যদি পরিস্থিতি অনুকূল হয়, তবে বর্তমান দামের চেয়ে কমানো হবে। তিনি বলেন, "প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম।" দামের বড় ব্যবধান থাকলে তেল পাচার ঠেকানো কঠিন হয়ে পড়ে, যা সরকারের জন্য একটি চ্যালেঞ্জ।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, "মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলে দেশে দাম সমন্বয় করা হবে।" তিনি এ সময় আশ্বাস দেন যে, সুযোগ তৈরি হলে আগের তুলনায় জ্বালানি তেলের দাম কমানো হবে।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও বক্তব্য রাখেন। তিনি জামায়াতে ইসলামীকে সমালোচনা করে বলেন, দলটি বিরোধী দল থেকে ‘জালিমে’ পরিণত হয়েছে এবং আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করছে।