এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি) পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশে নামিয়েছে। গত জুলাই মাসে এডিবি ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ (এডিও) এর সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার প্রধান কারণ হলো ব্যাংকিং খাতে দীর্ঘস্থায়ী সংকট, অবকাঠামোগত বাধা এবং তীব্র জ্বালানি ঘাটতি।
এডিবি জানিয়েছে, উচ্চ খেলাপি ঋণ, ব্যাংকের দুর্বল ব্যালেন্স শিট, ঋণের চড়া সুদহার এবং সরকারি সিকিউরিটিতে বিনিয়োগের প্রবণতা বেসরকারি খাতের জন্য ঋণ পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এর ফলে অর্থনৈতিক সম্প্রসারণ স্থবির হয়ে পড়েছে।
এদিকে, ২০২৬–২৭ অর্থবছরে গড় মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশে পৌঁছাতে পারে, যা আগের অর্থবছরে ছিল ৮ দশমিক ৭ শতাংশ। জুলাইয়ের পূর্বাভাসে মূল্যস্ফীতি ৮ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল।