পুঁজিবাজারে প্রতারণার শিকার বিনিয়োগকারীদের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসইর ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড (আইপিএফ) থেকে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৯২৫ বিনিয়োগকারীকে ২৮ সেপ্টেম্বর থেকে এই অর্থ দেওয়া শুরু হবে। সংবাদ সম্মেলনে ডিএসই কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
এখন পর্যন্ত ফান্ড থেকে ৩৭ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবে ৫ লাখ টাকার বেশি পাওনা থাকা ৫৯৩ জন বিনিয়োগকারীর অর্থ আদায়ের বিষয়টি বিবেচনা করছে ডিএসই।
ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, “দুই মাস লাগতে পারে। এর মধ্যে ৯৭ শতাংশ বিনিয়োগকারী তাদের টাকা পুরোটা পেয়ে যাবেন।”
প্রতারণার শিকার পাঁচটি ব্রোকারেজ হাউজের মধ্যে রয়েছে মশিউর, তামহা, বানকো, ক্রেস্ট এবং সালতা সিকিউরিটিজ। তাদের বিরুদ্ধে প্রায় ২৫০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে।
এছাড়া, ডিএসই জানায়, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও অধিকার লঙ্ঘিত হলে তা প্রতিকারের সুযোগ থাকা জরুরি। ইনভেস্টর প্রোটেকশন ফান্ডের চেয়ারম্যান নাসরিন বেগম বলেন, “এটি কোনো অনুদান বা দয়া নয়। এটি আইন ও বিধি মোতাবেক পরিচালিত মিমাংসিত প্রক্রিয়া।”
ডিএসই আগামী ২০২৭ সালের মধ্যে অন্তত ১০টি ভালো কোম্পানিকে শেয়ারবাজারে আনতে কাজ করছে, যা সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে করা হবে।