সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইসরায়েলকে তাদের নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ৭ অক্টোবরের হামলার ঘটনা দিয়ে এ নীতি নির্ধারণ করা উচিত নয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আটলান্টিক কাউন্সিলের প্যানেল আলোচনায় অংশ নিয়ে আল-শারা বলেন, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে প্রায় এক বছর ধরে সরাসরি আলোচনা চলছে। তিনি দাবি করেন, আলোচনায় প্রায় ৯০ শতাংশ সমঝোতা হয়েছিল, কিন্তু পরে ইসরায়েল তাদের অবস্থান পরিবর্তন করে।
৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলি সমাজের ওপর যে গভীর আঘাত এসেছে, সেটি তিনি বোঝেন কি না, এমন প্রশ্নের জবাবে আল-শারা বলেন, নিরীহ মানুষের প্রতি ঘটনার প্রভাব তিনি অনুভব করেন। তবে, তিনি ইতিহাসের একটি ঘটনার ভিত্তিতে পুরো আঞ্চলিক নীতি নির্ধারণের বিরোধিতা করেন।
তিনি বলেন, ‘৭ অক্টোবর নিরীহ কিছু মানুষের সঙ্গে কী ঘটেছিল, আমি তা বুঝতে পারি। কিন্তু একই সময়ে, ইতিহাসে ঘটে যাওয়া একটি ঘটনার ভিত্তিতে সব নীতি নির্ধারণ করা সম্ভব নয়।’
গাজায় প্রাণহানির প্রসঙ্গে আল-শারা উল্লেখ করেন, সেখানে ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তিনি বলেন, ‘৭ অক্টোবর যা ঘটেছে, সেটিকে সিরিয়ার ব্যাপারে নীতি নির্ধারণের ভিত্তি করা উচিত নয়। এটি যৌক্তিক নয় এবং এর ফলে আরও নিরাপত্তা হুমকি তৈরি হয়।’
এছাড়া, আল-শারা আরও বলেন, ‘আপনি যদি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে অন্যদের নিরাপত্তাকেও সম্মান করতে হবে।’