মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তির আলোচনা চলছে

সিরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির আলোচনা চলছে।

সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তির আলোচনা চলছে

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, দামেস্ক বর্তমানে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে। আন্তর্জাতিক বিভিন্ন দেশের অংশগ্রহণে এ প্রক্রিয়া চলছে।

আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে এই চুক্তি সামগ্রিক শান্তির পথ উন্মোচন করতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই চুক্তি ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের বেআইনি দখলে থাকা গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকারকে ক্ষুণ্ণ করবে না।

সিরিয়ার প্রেসিডেন্ট আরও জানান, সিরিয়া আপাতত ইসরায়েলের সঙ্গে যেকোনো মুখোমুখি সংঘর্ষ এড়াচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর দক্ষিণ সিরিয়া অঞ্চলে অব্যাহত ইসরায়েলি হামলা ও অনুপ্রবেশের প্রেক্ষাপটে এ বক্তব্য উঠে এসেছে।

লেবাননের বিষয়ে আল-শারা বলেন, সিরিয়ার কোনো সামরিক হস্তক্ষেপের ইচ্ছা নেই। তিনি জানান, সংকট উত্তরণে লেবানন সরকারকে সহায়তা করতে আলোচনা চলছে। যুদ্ধ বা শান্তির সিদ্ধান্ত এবং অস্ত্রের নিয়ন্ত্রণ কেবল লেবানন রাষ্ট্রের হাতে থাকা উচিত বলে তিনি উল্লেখ করেন।

অভ্যন্তরীণ ইস্যুতে সিরীয় প্রেসিডেন্ট বলেন, সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’-এর তালিকা থেকে বাদ দিতে হবে। তিনি আরও জানান, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে চুক্তি বাস্তবায়নে বিলম্ব হলেও সরকার এতে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া, ২০১১ থেকে ২০২৪ সালের যুদ্ধকালীন নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে আন্তর্জাতিক মান বজায় রেখে একটি বিশেষ কমিটি কাজ শুরু করেছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন