দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় বিতর্কিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। একই সঙ্গে তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আদালতে হাজির হয়ে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামিদের রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।