২২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে শুরু হবে ৮১তম সাধারণ অধিবেশন। এই অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে যাচ্ছেন। তিনি স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র ও এর বিভিন্ন অঙ্গরাজ্যের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করলেও তিনি সংবর্ধনা নিতে অপারগতা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে সংবর্ধনার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী সরকারি অর্থ ব্যয় করে সংবর্ধনা নিতে চাননি।
সুত্র জানায়, প্রধানমন্ত্রী দেশের অর্থনীতির সংকট মোকাবেলায় অর্থের সংকুলান প্রয়োজন এবং তাই কোনো অর্থনৈতিক চাপ সৃষ্টি করে সংবর্ধনা নিতে তিনি রাজি হননি।
এছাড়া, বিগত সরকারগুলোর তুলনায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর বহরও অনেকটাই ছোট। চারজন মন্ত্রীসহ ৩৫ সদস্যের প্রতিনিধি দল সফরসঙ্গী হবে। প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধনের বহিঃপ্রকাশ হিসেবে ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সংক্ষিপ্ত সফর করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ৯৬ ঘণ্টার সফরে নিউইয়র্ক যাচ্ছেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন। তিনি ২৫ সেপ্টেম্বর রাতেই দেশে ফিরে আসবেন। এর আগে প্রধানমন্ত্রীর সফর দীর্ঘ করার পরিকল্পনা ছিল, কিন্তু পরবর্তী সিদ্ধান্তে সানফ্রান্সিসকো সফরও বাদ দেওয়া হয়েছে। সফর সংক্ষিপ্ত করা এবং সফরসঙ্গীর বহর ছোট করার ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যয় কমানো ও সময় ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।