আফগানিস্তান সীমান্ত অঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ২৮ সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকার জানিয়েছে, এই হামলায় অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে হামলা চালায়। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এই হামলায় জঙ্গিদের লক্ষ্যবস্তু করা হয়।
তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কুনার প্রদেশে একটি বাড়িতে হামলার ফলে একই পরিবারের ৩ সদস্য নিহত এবং ৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, পাকতিকায় হামলার দুই স্থানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই ঘটনায় তালেবান সরকারের প্রধান জাবিহুল্লাহ মুজাহিদ উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এই হামলা দুই দেশের মধ্যে প্রায় ৩ মাসের শান্ত পরিস্থিতির অবসান ঘটিয়েছে।