মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলের ব্রিজে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ, তদন্তের দাবি

টাঙ্গাইলের বাসাইলে ব্রিজে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ, তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

টাঙ্গাইলের ব্রিজে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ, তদন্তের দাবি

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মাইজখাড়া মরাগাঙ্গীতে নির্মিত একটি ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে। ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজের নির্মাণকাজে অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ পায়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

স্থানীয় প্রশাসন সোমবার দুপুরে সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। স্থানীয়দের মধ্যে এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই রাতের আঁধারে কাজ করা হচ্ছিল। গোপনে পর্যবেক্ষণ করার পর তারা বাঁশ ব্যবহারের বিষয়টি দেখতে পান। এলাকাবাসী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির নামের ঠিকাদার প্রতিষ্ঠান ৯০.০৬ মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রিজের কাজ পায়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কাজ শুরু হয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কাজের মেয়াদ বাড়ানো হয়। স্থানীয় বাসিন্দা শিহাব খানশূর বলেন, ‘সরকার যে টাকা দিয়েছে, তা কোথায় গেল?’

ঠিকাদার প্রতিষ্ঠানের সুপারভাইজার শরিফুল ইসলাম দাবি করেন, ‘বাঁশ দিয়ে স্লাব বানিয়ে ওপরে সিমেন্টের একটি বস্তা দিয়ে খাঁচা দিয়ে ঢালাই করেছি।’ তবে উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে, তবে এর দায়ভার উপজেলা প্রকৌশল দপ্তর নেবে না।

বিজ্ঞাপন