রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ বগুড়া জিলা স্কুলের বিজয়

বগুড়া জিলা স্কুলের 'দ্য ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি' দল বিজয়ী হয়েছে বিএমটিসি ২০২৬-এ।

বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ বগুড়া জিলা স্কুলের বিজয়

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ (বিএমটিসি) ২০২৬'-এর জাতীয় পর্বে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জিলা স্কুলের 'দ্য ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি' দল।

১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৫২ জেলা থেকে ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। জাতীয় পর্বে দলগত ও এককভাবে দেড় শতাধিক শিক্ষার্থী পুরস্কার লাভ করে।

প্রতিযোগিতার আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়ন করা। সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষা পর্ব শুরু হয় এবং দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলতে থাকে।

দুপুরের বিরতির পর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞান বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

বিশেষ সেমিনারে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. কায়কোবাদ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সুলতানা রাজিয়া।

বিএমটিসি ২০২৬-এর জাতীয় পর্বের কনভেনার আহমেদ শাহরিয়ার শুভ বলেন, ‘আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করা এবং তাদের চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো।’

জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত দল আগামী ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ম্যাথমেটিক্যাল টিম চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বিজ্ঞাপন