বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির আহ্বান

কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বঙ্গভবনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, "অধিক মাত্রায় ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ভয়াবহ ক্ষতি হচ্ছে।"

তিনি কৃষকদের সজাগ ও সতর্ক করতে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। রাষ্ট্রপতি টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার জন্যও গুরুত্ব দেন। কৃষিশিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার তাগিদ দেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন