যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওর সাথে প্রচারিত তথ্যের বাস্তব মিল নেই। যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও ভিডিও প্রচার করেছে।"
বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে মনিরামপুরের একটি সনাতন পল্লীর ২৫টি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। তবে পুলিশ কর্মকর্তারা এ ভিডিওর সত্যতা খণ্ডন করেছেন।