ধানমন্ডির আবাহনী মাঠের মালিকানা হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। ক্লাবটি একাধিক শর্ত ভঙ্গ করায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মাঠটির তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে।
আজ বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সচিবালয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় এই সিদ্ধান্তের কথা জানান। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, আবাহনী মাঠ এখন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, "(আবাহনী) লিজ মানি দেয়নি। এছাড়া তাদের সাথে আমাদের যে চুক্তি ছিল, তা ভঙ্গ করেছে। এর ফলে মাঠের মালিকানা হারিয়েছে আবাহনী ক্লাব।"
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, মাঠে বিভিন্ন ডিসিপ্লিনের খেলাধুলা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, "আমরা এই মাঠগুলোকে যথার্থভাবে ব্যবহার করতে চাই।"
মন্ত্রী আরও জানান, পূর্বের অবকাঠামো ঠিক রেখেই মাঠ পরিচালনার লক্ষ্য সরকারের। তিনি উল্লেখ করেন, "এটি ভাঙা হবে না; বরং কীভাবে এটাকে কাজে লাগানো যায়, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।"
এছাড়া, ধানমন্ডি ক্লাবের অধীনে থাকা অন্যান্য মাঠও এখন থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকবে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, রাজনৈতিক প্রভাবমুক্ত রেখেই পরিচালিত হবে এই ক্লাব ও মাঠ।