যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে আবাহনী মাঠ সবার জন্য উন্মুক্ত করা হবে। ধানমন্ডি ক্রিকেট মাঠ বা আবাহনী মাঠের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আবাহনী ও মোহামেডান ক্লাব দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তিনি নির্দেশনা দিয়েছেন যে এগুলো যেন আর কখনো দলীয় করণ করা না হয়। মাঠের অবকাঠামো ভেঙে না ফেলে সংস্কার করা হবে এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
তিনি আরও জানান, আবাহনী মাঠে যে স্থাপনা রয়েছে তা ঠিক রেখে সংস্কার করা হবে। পর্যায়ক্রমে সকল মাঠ খেলার উপযোগী করা হবে এবং ঢাকার প্রত্যেক ওয়ার্ডে ফুটসাল খেলার মাঠ তৈরি করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, আবাহনী ক্লাবের সাথে মাঠ নিয়ে যে চুক্তি ছিল তা বাতিল করা হয়েছে। কারণ তারা লিজের অর্থ পরিশোধ করেনি এবং চুক্তির শর্তাবলী মানেনি। তাই চুক্তি বাতিল করে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা হবে এবং প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে।