ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে ফিরতে পারেননি। তার জায়গায় দলে নেওয়া হয়েছে তরুণ উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে ভারতীয় নির্বাচকরা। এশিয়ান গেমসের কারণে নিয়মিত কয়েকজন ক্রিকেটার দলে না থাকায় পান্তের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল।
বিশেষ করে উইকেটরক্ষক ইশান কিষানের অনুপস্থিতিতে পান্তের সুযোগ পাওয়ার কথা ছিল, তবে নির্বাচকরা তাকে বিবেচনায় নেননি। পান্তকে ইরানি কাপে রেস্ট অব ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে খেলতে পাঠানো হয়েছে।
২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন পান্ত। ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর সেটিই ছিল তার একমাত্র ওয়ানডে ম্যাচ।
পান্তকে বাদ দেওয়ার কারণ হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে দলের অসন্তোষের কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মতামতও নির্বাচকদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
অন্যদিকে, ধ্রুব জুরেল সর্বশেষ বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তিনি সাত ইনিংসে ৫৫৮ রান করে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হন, যেখানে তার ব্যাট থেকে আসে দুটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতক।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার লড়াইয়ে পান্ত কিছুটা পিছিয়ে পড়লেও তার ওয়ানডে ক্যারিয়ারের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারের সামনে এখনও ফিরে আসার সুযোগ রয়েছে।