লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি যাওয়া একটি গরু বিএনপির নেতা দেলোয়ার হোসেন পাটোয়ারীর গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে ভাটরা ইউনিয়নের নলচরা এলাকা থেকে এক দিনমজুরের গরু চুরি হয়। গরুর মালিক ও স্থানীয়রা বিভিন্ন স্থানে গরুটির খোঁজ শুরু করেন। মঙ্গলবার সকালে দেলোয়ার হোসেনের গোয়ালঘরে গরুটি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তার বাড়ির সামনে জড়ো হন।
ঘটনার পর রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং গরুটিকে হেফাজতে নেয়। তবে গরুটি কিভাবে দেলোয়ার হোসেনের গোয়ালঘরে পৌঁছালো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দেলোয়ার হোসেন চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, ভাটরা ইউনিয়নের কৃষিবিষয়ক সম্পাদক তাজু তিন দিন আগে ভোরে গরুটি তার গোয়ালঘরে বেঁধে রেখে যান। তিনি দাবি করেন, তাকে ফাঁসাতেই এই ঘটনা ঘটানো হয়েছে।
এদিকে, দেলোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৯ নম্বর ভোলাকোট ইউনিয়ন বিএনপি থেকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
১০ নম্বর ভাটরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাজুল ইসলামকে প্রাথমিক সদস্যপদ ও কৃষিবিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
৯ নম্বর ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার জানান, বিষয়টি তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।