বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি উল্লেখ করেন, "তিনি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, উনি গিয়ে সাইডলাইনে বসবেন, এটা হতে পারে না। সেখানে না গিয়ে উনি দেশের গৌরব বাড়িয়েছেন। সার্বভৌমত্ব শক্তি প্রদর্শন করেছেন।"
১৬ সেপ্টেম্বর বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, "আপনার দেশের এক মুখ্যমন্ত্রী বলেছেন, আপনাদের লোক হাদিকে হত্যা করেছে। আপনারা কি বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করেন না?" তিনি অভিযোগ করেন যে, ভারতীয় নেতারা সামনাসামনি মধুর কথা বললেও ভেতরে ভেতরে চক্রান্ত করছেন।
তিনি আরও বলেন, "কেউ কেউ দেশকে একাত্তরের পূর্ববর্তী জায়গায় নিয়ে যেতে চেষ্টা করছেন। মধুর ক্যান্টিনকে ইশারাত মঞ্জিল বানাবেন, এটা ঠিক নয়। যা তিরিশ লাখ শহীদের অপমান।"
রিজভী বলেন, "১৭ বছরের অরাজকতার পর জাতিকে উজ্জ্বল হিসেবে গড়তে কাজ করছে সরকার। বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের অঙ্গীকার, সেই অঙ্গীকার নিয়ে কাজ করছেন তারেক রহমান।"