নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজিন দিনার সই করা একটি চিঠিতে বুধবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সাদিয়া আক্তার এনসিপির নেত্রকোণা জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোণা সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাদিয়া আক্তারকে সাময়িক অব্যাহতি দেওয়ার পাশাপাশি তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, 'গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের' পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নেত্রকোণা শহরের কুড়পার এলাকা থেকে সাদিয়া আক্তারকে আটক করা হয়। পুলিশ জানায়, স্থানীয় রাজনৈতিক কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ রয়েছে যে, তিনি প্রধানমন্ত্রী ঘোষিত ফ্যামিলি কার্ডের জন্য স্থানীয় পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন।
এ ঘটনায় সাদিয়া আক্তারের বিরুদ্ধে থানায় মামলা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরে জামিন মঞ্জুর হলে তিনি মুক্তি পান। তদন্ত এখনও চলছে।